দিনাজপুরে বিনামূল্যে ২১ জন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ


দিনাজপুর প্রতিনিধি
দারিদ্র বিমোচন ও নারীদের স্বাবলম্বী এবং ক্ষমতায়ন বৃদ্ধি করতে আজ শনিবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নে ঠুটির ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০২৫ ইং অর্থবছরের বরাদ্দ অনুযায়ী বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং দিনাজপুরের বেসরকারী উন্নয়ন সংস্থা অন্বেষন এর বাস্তবায়নে ২১ জন মহিলা উপকারভোগীর মাঝে প্রতিজন দুটি করে ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
ছাগল বিতরণ অনুষ্ঠানে অন্বেষন সংস্থা বাসুনিয়াপট্টি দিনাজপুরের নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভবতোষ রায়। ২১ জন মহিলা উপকারভোগীদের মাঝে দুটি করে ছাগল বিনা মূল্যে বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ সরকার বিনামূল্যে ছাগল বিতরণসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে। এই ছাগলগুলো কেউ বিক্রি করবেন না। এগুলো পালন করেন ১০টি ছাগল করে আর্থিকভাবে আপনারা স্বাবলম্বী হবেন এবং আপনাদের সন্তানদের শিক্ষিত করে তুলবেন। এতে যেমন নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে অপরদিকে দেশে আমিষের চাহিদা পূরণ হবে। সভাপতির বক্তব্যে অন্বেষন সংস্থার নির্বাহী পরিচালক শিপ্রা মজুমদার বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য বিনামূল্যে ছাগল বিতরণ করছে। আগামীতেও এ ধরনের সহযোগিতা সরকার করে যাবে। ছাগল বিতরণের পূর্বে উপকারভোগীদের ছাগল পালনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতালের ভ্যাটেরিনারী ফিল্ড এ্যাসিসটেন্ট ডিএফএ মিঠুন চন্দ্র সরকার।
