

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ–পরিচালক মো. সাইফুল ইসলাম বলেছেন, কিশোরী মেয়েদের ঋতুকালীন সময়ে সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য সম্মতভাবে স্যানেটারী ন্যাপকিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। সনাতনী পদ্ধতিতে ঋতুকালীন সময় কাপড় ব্যবহার করে অনেকে জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। পূর্বে কিশোরী মেয়েরা ঋতুকালীন সময় বিষয়টি নিয়ে মা–বাবাকে বলতে লজ্জা পেত। বর্তমান যুগে সেই লজ্জা বা ভয় আর নেই। এখন সবাই সচেতন এবং মা–বাবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য। সুস্থ্য ও মেধাবী দেশ জাতি গড়তে সুস্থ্য মায়ের প্রয়োজন। মনে রাখবেন প্রতিটি কিশোরীকে জাতির ভবিষ্যৎ হিসেবে সুস্থ্য এবং মেধাবী হিসেবে গড়ে উঠতে হবে।
গতকাল মঙ্গলবার দিনাজপুর জুবিলি উচ্চ বিদ্যালয়ে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং “ বেসিক ফর গার্লস”– প্রজেক্টের আওতায় বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস–২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। দিনাজপুর এপি কো–অর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রোজেক্ট অফিসার লাকি হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, জুবিলি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু, অভিভাবক লক্ষী সরকার, মিনু বসাক, হাজেরা বেগম ও শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম। বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবসের তাৎপর্য তুলে এবং কিশোরী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি বিষয় নিয়ে আলোচনা করেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. রেজাউল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল স্পেশালিস্ট মোঃ মবিন উদ্দিন। শেষে প্রধান অতিথি দিনাজপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ–পরিচালক মো. সাইফুল ইসলাম প্রতিটি কিশোরী শিক্ষার্থীকে শপথ করিয়ে বলেন, “বাল্য বিবাহকে আমরা না বলি”। সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, দিনাজপুর সদর উপজেলার ৭টি স্কুলে পর্যায়ক্রমে বিশ্ব মাসিক দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
