
নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাদক বিরোধী অভিযানে বিভিন্ন মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৬ ও ৭ মে ফুলবাড়ী থানার পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৬মে) অভিযান চালিয়ে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে খতিবর রহমান (৫০) কে গ্রেপ্তার করা হয়। একই দিনে গাঁজা সেবনের দায়ে বিরামপুর উপজেলার দেশমা এলাকার আব্দুল মজিদের ছেলে মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এদিকে আজ বৃহস্পতিবার (৭মে) উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ (আদিবাসীপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ উদ্ধারসহ মৃত শ্রীমন এর স্ত্রী বাহামনি টুডু (৫০) কে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও ১০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ একই ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (পুরাতন বন্দর) গ্রামের সিদ্দিক আলী ছেলে মো. শাহিন আলম (৩১) কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।