

দিনাজপুর প্রতিনিধি
ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, সুশাসন নিশ্চিতকরণ এবং ব্যাংকের শীর্ষ পদে রদবদলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, দিনাজপুর-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
দিনাজপুর শাখা কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম ফ্যাসিবাদের দোসর এবং ব্যাংক লুটপাটকারী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে তারা অবিলম্বে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।
একই সাথে ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী আখ্যা দিয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে দ্রুত বহিষ্কার এবং মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা ও ব্যাংকের সুনাম অক্ষুণ্ন রাখতে "ইসলামী ব্যাংক দেশের সাধারণ মানুষের আমানতের প্রতীক। কোনো কুচক্রী মহল বা লুটপাটকারীদের সহযোগীদের এই ব্যাংকের চালকের আসনে বসতে দেওয়া হবে না। ব্যাংকের সুশাসন ফিরিয়ে আনতে অবিলম্বে সৎ ও যোগ্য কর্মকর্তাদের ফিরিয়ে আনতে হবে এবং বিতর্কিতদের বহিষ্কার করতে হবে। অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রাহক ও শিক্ষাবিদ অধ্যাপক সাদাকাত আলী খান, প্রবীণ শিক্ষক মো. সিরাজুল ইসলাম। ইসলামী ব্যাংকের দিনাজপুর শাখার গ্রাহক মো. আকবর হোসেন, মো. মাহবুবুর রহমান, মাওলানা মো. সিরাজুল ইসলাম, মাওলানা মতিউর রহমান কামাল। সচেতন গ্রাহক ফোরামের সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন, সদস্য হাফেজ মো. আব্দুল বাতেন, শামসুন্নাহার বেগম, মর্জিনা বেগম মো. নাসির উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেষে ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের সুশাসন ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি দেশব্যাপী অব্যাহত থাকবে।