

পঞ্চগড় প্রতিনিধি
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বর্তমান সরকারও এ বিষয়ে অনেক দূর এগিয়েছে। তবে এখন একটি দল এ ইস্যুতে ‘স্টান্টবাজির রাজনীতি’ করছে বলে তিনি অভিযোগ করেন।
আজ শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের অংশ। সে অনুযায়ী সরকার কাজ এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রীও সংসদে এ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে বক্তব্য দিয়েছেন। কিন্তু এই সময়ে কৃতিত্ব নেওয়ার উদ্দেশ্যে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, “বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। বিএনপি যখন তিস্তা নিয়ে কাজ শুরু করে, তখন এ বিষয়ে তাদের কোনো ভূমিকা বা অবস্থান ছিল না। তাই স্টান্টবাজির রাজনীতি আর বাংলাদেশে চলবে না।”
ফরহাদ হোসেন আজাদ বলেন, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিএনপি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে। দলের বর্তমান চেয়ারম্যানও লন্ডন থেকে এ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে এবং তা বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজেট-পরবর্তী দ্রব্যমূল্যের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অতীতে বাজেট পাসের পর চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেত। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সে পরিস্থিতি দেখা যায়নি।
তিনি বলেন, পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রবেশপথের দোসীমানা এলাকায় জেলা পরিষদের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরের এডিপির আওতায় ৩০ লাখ টাকা ব্যয়ে ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করছে মেসার্স মিডল্যান্ড কনস্ট্রাকশন।