

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় পৌর শহরের সুজাপুরে রামকৃষ্ণ সেবাশ্রমে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। সারাদেশে প্রত্যন্ত এলাকায় ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই কার্যক্রম চলমান রয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি রক্ষণাবেক্ষণের মাধ্যমে টিকিয়ে রাখতে পারলে তবেই পরিশ্রম সফল হবে।
পূজা উদযাপণ পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হল। পর্যায়ক্রমে বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সদস্য সচিব রতন চক্রবর্তী, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ধীরেন্দ্রনাথ সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক ব্রজেন্দ্রনাথ রায়, পৌর শাখার সাধারণ সম্পাদক পাপন সরকার সহ উপজেলার ৭টি ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ।