

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।
আজ রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, বিএনপির জেলা সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং ২ নং বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মৎস্য খাত। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।