

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে মাদকের বড় চালান উদ্ধার কল্পে দিনাজপুরের বীরগঞ্জে ভোগনগর ইউনিয়নের ঢালাগ্রামে অভিযান চালিয়ে মামুন ইসলামের স্ত্রী জুঁই আক্তার (১৮) কে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। দুই ধাপে তার কাছে মোট ৪৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রথম পর্যায়ে ৩৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারী জুঁই আকতার জানায় পার্শ্ববর্তী সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামে তার বাবার বাড়িতে আরও অনেক মাদকদ্রব্য মজুদ রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি শাওন কুমার সরকারের নেতৃত্বে সুজালপুর ইউনিয়নের উক্ত বড় শীতলাই গ্রামে রাতেই জুঁইয়ের বাবা আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪৩০০ পিসসহ সর্বমোট ৪৬৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
অভিযানে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এসআই মিজানুর রহমান, এসআই দীনেশ, এএসআই শিবু, এএসআই হকিকুল, এএসআই দিবানাথ এবং মহিলা পুলিশ সেলিনাসহ পুলিশের একটি শক্তিশালী টিম এই অভিযানে অংশ নেন।
এ ঘটনায় গ্রেফতার জুঁই আক্তারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তথা এসআই মিজানুর রহমান বাদি হয়ে একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই জাহাঙ্গীর বাদশা রনি।