

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে পূর্ণিমা বেগম (২২) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা বেগম কাঁচনা গ্রামের মো. কাসেম আলীর মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মনোয়ার হোসেন জানান, পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে মায়ের সঙ্গে পূর্ণিমার বাকবিতণ্ডা হয়। পরে তিনি নিজ শয়নকক্ষে গিয়ে দরজা ভেতর থেকে ছিটকানি দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সন্ধ্যা গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন দরজায় ধাক্কাধাক্কি করেন। তাতেও দরজা না খোলায় পরে ঘরের ওপর দিয়ে গিয়ে ভেতরে তাকিয়ে পূর্ণিমাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।