

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন করতে মতবিনিময় সভা ও চরিত্র গঠনবিষয়ক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম হাবিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা শহিদুল হক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের অপব্যবহার না করার বিষয়ে সচেতন করা হয়। পরে শিক্ষার্থীদের এসব অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার শপথ পাঠ করান ওসি এ কে এম হাবিবুল ইসলাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সদস্যদের টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।
অনুষ্ঠানে শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।