

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে পাঁচবিবির বটতলী (লতিহাটি) এলাকায় এসডিএসের প্রধান কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে "বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন" শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।
গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহাদৎ হোসেন, এসডিএসের নির্বাহী পরিচালক মোছা. আয়েশা আক্তার, এসডিএসর উপদেষ্টা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাসুদুজ্জামান, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, কো-অর্ডিনেটর লিটন, প্রকল্প পরিচালক শরিফুল ইসলামসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গরু বিতরণের মাধ্যমে দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা ও সুবিধাবঞ্চিত নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। এ ধরনের আয়বর্ধক কর্মসূচি তাদের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকার ও বাস্তবায়নকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ প্রকল্পের আওতায় জেলার ৫টি উপজেলার মোট ৬০০টি গরু ৬শ জন অসহায় দরিদ্র মহিলাদের মাঝে বিতরণ করা হবে।
এ পর্যন্ত পাঁচবিবি উপজেলায় ১৬১ জন ও সদর উপজেলায় ১৩৯ জন অসহায় দরিদ্র মহিলাদের মাঝে ৩০০টি গরু বিতরণ সম্পূর্ণ হয়েছে।