

নিজস্ব প্রতিবেদক
বিরল উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম বলেছেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য নারীদের স্বাবলম্বী হতে হবে। বিশেষ করে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত অনাগ্রস্বর নারীদের এ ব্যাপারে সচেতন হতে হবে। টেকসই জীবিকা ও বাজার সংযোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে।
আজ বুধবার বিরল উপজেলা সম্মেলন কক্ষে ফেইম “টেকসই জীবিকা ও বাজার সংযোগ এর মাধমে নারীর রুপান্তরমূলক অর্থনৈতিক ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প অবহিতকরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন ভাবনা সমাজ ও মানবিক বিকাশ এর নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মুস্তাফিজুর রহমান। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শফিকুল ইসলাম। সভায় কড়া সম্প্রদায়ের নারী ও ওরাও সম্প্রদায়ের উপকারভোগী এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালকের ভূমিকা পালন করেন ফেইম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নাজমিন বেগম।
সভায় সভাপতির বক্তব্যে ভাবনা সমাজ ও মানবিক বিকাশ এর নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে তাদের দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে হবে। এব্যাপারে আমরা তাদের পাশে আছি। উন্নয়ন মূল স্রোতধারায় পিছিয়ে পড়া নারীদের সম্পৃক্ত করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব বলে আমাদের বিশ্বাস।