

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় নির্বাচনে আদিবাসী ও নারী প্রার্থীদের অংশগ্রহণে সামাজিক ও পারিবারিক বাধা, সমস্যা এবং তা উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর স্থানীয় ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় এনজিও পিপুল ইউনিয়ন অব দি মার্জিলাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পাআমডো) এফজিটি প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে।
সভায় আইএফইএসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কানিজ ফাতেমা, পাআমডোর প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার এবং জেনারেল ম্যানেজার মো. শাহাবুর রহমান উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক নারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনে নারী ও আদিবাসী প্রার্থীদের অংশগ্রহণের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গি, পারিবারিক সহযোগিতার অভাবসহ বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নারী ও আদিবাসীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক ও পারিবারিক বাধা দূর করার পাশাপাশি তাদের সচেতনতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় নির্বাচনে নারী ও আদিবাসী প্রার্থীদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন।