

দিনাজপুর প্রতিনিধি
নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির (রেজি. নং- রাজ-১৩৯৫) বিরুদ্ধে সাংগঠনিক নিয়মবহির্ভূত কার্যক্রম ও বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়েছে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
আজ মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ১৯৯৩ সালের কোম্পানি আইনের ২৬ নম্বর ধারা অনুযায়ী নিবন্ধিত ও পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে নিরবচ্ছিন্নভাবে যাত্রীসেবা দিয়ে আসছে সংগঠনটি।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দাবি, নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি মূলত একটি থানা ভিত্তিক সংগঠন, যার অবস্থান সৈয়দপুরে। অন্যদিকে নীলফামারী জেলা মালিক গ্রুপ নীলফামারী জেলা সদরে অবস্থিত এবং এটি সম্পূর্ণ আলাদা সংগঠন।
বিবৃতিতে আরও বলা হয়, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও রংপুর এই পাঁচ জেলার পরিবহন সংগঠন নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে আলাপ-আলোচনার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও রংপুর জেলা মোটর মালিক সমিতির বিরুদ্ধে নীলফামারী মালিক সমিতির বিভিন্ন অভিযোগ এবং তিন দফা তারিখ নির্ধারণ করে সভা আহ্বানের দাবি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা বলেও দাবি করা হয়।
এ ছাড়া নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চিঠি ও সাংবাদিক সম্মেলনে দিনাজপুর ও রংপুরের দুই সংগঠন নিয়ে ব্যবহৃত ভাষাকে ‘কুরুচিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ও কর্মকর্তাদের জড়িয়ে দেওয়া মন্তব্যকে ‘ধৃষ্টতার সীমা লঙ্ঘন’ বলেও দাবি করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, নীলফামারী বাস-মিনিবাস মালিক সমিতি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার রুটে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি করলে এবং এর প্রেক্ষিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নীলফামারী জেলা বাস-মিনিবাস সমিতি (সৈয়দপুর)কে বহন করতে হবে।
এ ধরনের কার্যক্রম যাত্রীসাধারণকে হয়রানি ও ব্যবসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং পরবর্তীতে তা বড় ধরনের সাংগঠনিক সংঘর্ষে রূপ নিতে পারে বলেও বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করা হয়।
যাত্রীসাধারণের স্বার্থে এসব অসাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
এসময় রংপুর বিভাগীয় ও দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, রংপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলী মো. শরিফুল আলম (হিরু), রংপুর বিভাগীয় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ চৌধুরী (পিম), রংপুর জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহ্শিদ ফারহান জিহান, সড়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম মনোয়ার, প্রচার সম্পাদক আতিকুর রহমান তুহিন, দিনাজপুর জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শামীম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ শাহ, কোষাধ্যক্ষ সুবল ঘোষ, সড়ক সম্পাদক শাহ্ মাসুদ কবিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।