

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ মাসের কন্যাশিশু মারিয়া মাহরিনও মৃত্যুবরণ করেছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া মাহরিনের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বিরামপুর জনতা ব্যাংকের সামনে সড়ক দুর্ঘটনায় তার মা রুমি আক্তার নিহত হন।
এবিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, মাহমুদুল হাসান একজন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন। মঙ্গলবার বিকেলে মাহমুদুল হাসান পরিবারসহ মোটরসাইকেল যোগে বিরামপুরে দাওয়াত খেতে আসেন। পৌর শহরের জানতা ব্যাংকের সামনে এসে পৌঁছালে পিছনে থেকে অটোরিকশা স্বজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্ত্রী রুমি আক্তার (২৭) ও কন্যা মারিয়া (১১মাস) সড়কের উপর ছিটকে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা রুমি আক্তার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের সহযোগিতায় মেয়েকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎধীন অবস্থায় রাত ৮টায় মেয়ে মারিয়া মাহরিনও মৃতু্যবরণ করেন।
এবিষয়ে বিরামপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) শামীম আল মামুন জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকের চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর জিগাগাড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই দুর্ঘটনায় মা ও কন্যা শিশুর মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।