

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দামুপাড়া গ্রামে দাদার অটোভ্যানের ধাক্কায় সায়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সায়ান ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও অটোভ্যান চালক মোবারক আলীর নাতি।
আজ বুধবার সকালে নিজ বাড়ি থেকে অটোভ্যান বের করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সায়ানের দাদা মোবারক আলী সকালে বাড়ির ঘর থেকে অটোভ্যানটি বের করছিলেন। এ সময় সায়ান ভ্যানটির পেছনে দাঁড়িয়ে ছিল। দাদা মোবারক আলী শিশুটিকে দেখতে না পাওয়ায় অটোভ্যানটি পেছনের দিকে নেওয়ার সময় সায়ানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সায়ানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”