

নিজস্ব প্রতিবেদক
‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করলেন দিনাজপুর এর ২৭টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে সচেতন নাগরিক কমিটি (সনাক), দিনাজপুরের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে। এতে বিশ^বিদ্যালয় ক্যাম্পাসসহ দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ২৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেয়।
কর্মশালাটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান। এতে দুর্নীতি প্রতিরোধ ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিত করনে সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়ন অভীষ্ট ও এর লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এবং তথ্য অধিকার আইন প্রয়োগ কৌশল, বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সনাক সহ-সভাপতি প্রফেসর তামান্না আন্জুম এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, তিনি বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসন এর সাথে দুর্নীতিবিরোধী অবস্থান একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দুর্নীতি থাকলে সেখানে সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে, তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদেরকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহম্মেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য তারিকুজ্জামান তারেক এবং টিআইবি রংপুর ক্লাস্টারের কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। কর্মশালায় যে সকল সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন-হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ডিবেটিং সোসাইটি, প্রথম আলো বন্ধুসভা, রেড ক্রিসেন্ট সোসাইটি, রোভার স্কাউটস, গ্রীন ভয়েস,অর্ক সাংস্কৃতিক সংগঠন, মুনা, স্কিল ডেভেলপমেন্ট, ব্লাড ব্যাংক, এডভানসার ক্লাব, বুকসওয়ার্নস, সেজুটি, রিসোর্স সোসাইটি, বিএনসিসি, ক্যারিয়ার ক্লাব ও সাংবাদিক ফোরাম এবং দিনাজপুর সরকারি কলেজ ও আদর্শ মহাবিদ্যালয় হতে, বিতর্ক পরিষদ, রোভার স্কাউটস, বাঁধন, বিএনসিসি, রেডক্রিসেন্ট সোসাইটি, গ্রীন ভয়েস, বসুন্ধরা শুভ সংঘ, ভিবিডি, সমৃদ্ধি ফাউন্ডেশন, বিএসডিএ ও মুক্তচিন্তা নামের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকগণ টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।
সভা শেষে দুর্নীতির বিরুদ্ধে সনাক-টিআইবি’র সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিয়ে উপস্থিত ৫৫ জন অংশগ্রণকারী তরুণ শিক্ষার্থীকে ও ইয়েস সদস্যরকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান সনাক, দিনাজপুরের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল আহমেদ।