

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত পিকআপের ধাক্কায় আব্দুল মজিদ (৫৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রীসহ ইজিবাইকের কয়েকজন যাত্রীও আহত হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার বারাই চেয়ারম্যান পাড়া এলাকার এলিট পেট্রোল পাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের বড়গাছা শহড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধা সাড়ে ৭টার দিকে ভ্যান চালক আব্দুল মজিদ ফুলবাড়ী শহর থেকে টিন নিয়ে ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে নিজ বাড়িতে ফেরার সময় ফুলবাড়ী অভিমুখে আসা অজ্ঞাতনামা কলা বোঝায় একটি পিকআপ, ভ্যানে থাকা সম্মুখ ভাগে বাড়তি টিনের মাথায় ধাক্কা দেয় ,ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুলবাড়ী অভিমুখে আসা অপর আর একটি ব্যাটারি চালিত ইজিবাইকে ধাক্কা লাগলে ভ্যান গাড়িটি রাস্তার উপর ছিটকে পড়ে যায়। এসময় ভ্যান চালক আব্দুল মজিদ (৫৮) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এতে ভ্যানের যাত্রী জাহিদুল ইসলাম আহত হয়, তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারসহ আহত একজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।