

জয়পুরহাট প্রতিনিধি
ঢাক-ঢোলের তালে তালে ঘুরছে লাঠি। বাঁশির সুর আর দর্শকের মুহুর্মুহু করতালিতে মুখর চারপাশ। শত শত নারী-পুরুষের ভিড়ে যেন উৎসবের আমেজ।
আজ শনিবার দিনভর এমনই দৃশ্য দেখা গেল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। কাঁশড়া গোবিন্দপুর হাট কমিটির আয়োজনে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয় ।
খেলা দেখতে আশপাশের গ্রাম থেকে ছুটে আসেন শত শত মানুষ। মাঠের মাঝে লাঠিয়ালরা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে প্রদর্শন করেন নানা কসরত। কখনো আক্রমণ, কখনো আত্মরক্ষার কৌশল - তাদের নিপুণ শৈলী দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা।
খেলা দেখতে আসা প্রবীণ দর্শক রহিম উদ্দিন বলেন, আগে হাটে-বাজারে, মেলায় এমন লাঠি খেলা হতো। এখন মোবাইল আর ইন্টারনেটের যুগে এসব খেলা হারিয়েই গেছে। বহুদিন পর এমন আয়োজন দেখে খুব ভালো লাগলো।
তরুণ দর্শকরাও খুশি। তাদের মতে, নতুন প্রজন্ম এসব খেলা সম্পর্কে জানেই না। এমন আয়োজন নিয়মিত হলে গ্রামীণ খেলা আবার প্রাণ ফিরে পাবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।