

বগুড়া প্রতিবেদক
বগুড়া নগরীর গোদারপাড়ায় বর্জ্যের ভাগাড়ে পড়ে থাকা জাল টাকার বস্তা কুড়িয়ে নিয়ে গেছেন স্থানীয়রা। আজ রোববার সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করেছে।
স্থানীয়রা জানান, সকালে বর্জ্যের ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে তারা সেখানে ভিড় করেন। বস্তার ভেতরে টাকা দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে নিয়ে বাড়িতে চলে যান। পরে জানা যায়, বস্তায় থাকা টাকাগুলো জাল। এর মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট ছিল। টাকা পেছনে ছোট করে ইংরেজি অক্ষরে লেখা ছিল 'অনলি ফর শুটিং' ।
স্থানীয়দের দাবি, বস্তাটিতে বিপুল পরিমাণ জাল টাকা ছিল। কেউ কেউ এর পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন। জাল টাকার নোট ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। জাল টাকার উৎস এবং কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। টাকার পেছনে ছোট করে 'অনলি ফর শুটিং' লেখা আছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।