

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসূল রাখি এবং বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি প্রসূতিসহ বিভিন্ন রোগীর প্রয়োজনীয় অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা স্থানীয় পর্যায়েই দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন অপারেশন থিয়েটারের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।