

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ভুয়া ফটোকার্ড ব্যবহার করে পৌর বিএনপি ২ নেতার নাম জড়িয়ে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী পৌর বিএনপি’র আহ্বায়ক আবুল বাশার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২১ সেপ্টেম্বর তারিখে দৈনিক কালবেলা পত্রিকার লোগো ও ফটোকার্ড ব্যবহারসহ স্থানীয় প্রতিনিধিকে সংশ্লিষ্ট করে ফুলবাড়ী পৌর বিএনপি’র আহ্বায়ক আবুল বাশার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন এর নাম জড়িয়ে ‘ফুলবাড়ী পৌর বিএনপির দুই নেতার বিরুদ্ধে ৩ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি ভুয়া সংবাদের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিনিধি রীতা রানী কানুর সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো সংবাদ তিনি কালবেলা পত্রিকায় প্রেরণ করেননি এবং ২১ সেপ্টেম্বর দৈনিক কালবেলা পত্রিকায় এমন কোনো সংবাদও প্রকাশ হয়নি। একটি চক্র ভুয়া ফটোকার্ড তৈরি করে এই সংবাদটি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।
বিষয়টি বুঝতে পেরে রাতেই ফুলবাড়ী থানায় একটি জিডি করেছেন ওই প্রতিনিধি, যার জিডি নং ১২০৮।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন বলেন, আমাদের রাজনৈতিক পরিচয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত সম্মানহানী করতে এইধরণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের ফটোকার্ড তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। যে বা যারাই এধরণের কাজ করেছে তাদেরকে আইনশৃঙ্খলাবাহিনীর মাধ্যমে তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলেন, কোনো সংবাদ বা ফটোকার্ড ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে তার সত্যতা নিশ্চিত না হাওয়া পর্যন্ত এগুলো বিশ্বাস না করাসহ শেয়ার বা লাইক না দেয়ার জন্য অনুরোধ জানান। একইসাথে দৈনিক কালবেলা পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক মানিক মন্ডল, আতিয়ার রহমান মিন্টু, শাহাবুর রহমান, মিনার হোসেন মিনু, আয়নাল হক, সাজ্জাদ হোসেন সাজু সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।