

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা ও পৌর শাখা।
আজ সোমবার বিকেলে পৌর শহরের নিমতলা মোড় বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন, জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ সুলতানুল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মতিউর রহমানসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ফুলবাড়ী বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে কোথাও পানি জমতে না দেওয়া, বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।
এ ছাড়া দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকার এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহ (৪ থেকে ১০ অক্টোবর) এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষকে নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমে থাকার স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।