

দিনাজপুর প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সামপ্রদায়িক সমপ্রীতির বন্ধন আরও দৃঢ় ও জোরদার করার আহ্বান জানিয়ে এবং এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রকে নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪ টায় দিনাজপুর প্রেস ক্লাবের সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু’র সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, রত্না মিত্র, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক সফিকুল ইসলাম, নাট্য সমিতির নির্বাহী সদস্য রবিউল আউয়াল খোকা, নাট্য ব্যক্তিত্ব তারেকুজ্জামান কারেক, সুইহারী সঙ্গীত নিকেতন এর নির্বাহী পরিচালক ও সহকারী শিক্ষক সনৎ চক্রবর্তী, মহিলা পরিষদ জেলা শাখার প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সমাজকর্মী মুকিদ হায়দার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ আবহমান কাল থেকেই সমপ্রীতির দেশ। প্রতিটি ধর্মীয় উৎসব এ দেশের সব মানুষের মিলনমেলায় পরিণত হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্নে, আনন্দঘন এবং শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো ধরনের অপশক্তি যেন এই সমপ্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই উৎসবের দিনগুলোতে সব মণ্ডপ ও সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।