

জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় থানা চত্বরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুবাস দাস, হিন্দু বৌদ্ধ কল্যাণ পরিষদের আহ্বায়ক সঞ্জয় কুমার কুন্ডু এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক পুলিশি টহল জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পৌরসভায় ১৬টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১১টি, বালিঘাটা ইউনিয়নে ৭টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৪টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি ও আওলাই ইউনিয়নে ৩টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।