

দিনাজপুর প্রতিনিধি
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে দিনাজপুরে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখা।
স্মারকলিপিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর থেকে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আবহমান কাল ধরে এই দেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই উৎসব নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
স্মারকলিপিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে উস্কানিমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাশাপাশি পূজার নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করছে।
এমতাবস্থায়, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে সারাদেশে এবং স্থানীয়ভাবে প্রতিটি পূজামণ্ডপ, মন্দির ও এর আশপাশ এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার এবং পর্যাপ্ত জনবল মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। একইসাথে হিন্দু সম্প্রদায়ের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য পূজার আগে ও পরে যেকোনো ধরনের অনভিপ্রেত ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মহিলা পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের আন্তরিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক নির্বিঘ্নে এই উৎসবে অংশ নিতে পারবেন এবং দেশব্যাপী একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি হবে।
স্মারকলিপি প্রধান কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা কমিটির সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, সাধারণ সম্পাদক রুবিনা আকতার, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো.সফিকুল ইসলাম, নাট্য সমিতির সদস্য রবিউল আউয়াল খোকা প্রমূখ।
স্মারকলিপিতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আরা খাতুন এবং সাধারণ সম্পাদক রুবিনা আকতার যৌথভাবে স্বাক্ষর করেন।