

কামরুল হাসান জুয়েল, পীরগঞ্জ (রংপুর)
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নিমার্ণাধীন নতুন ভবনের প্রধান ফটকের ছাদ ধ্বসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যুসহ কয়েকজন শ্রমিক আহতের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে মামলা রুজু হয়েছে। আজ বুধবার নিহত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুরের আসাদুল ইসলামের (৩০) পিতা ঠান্ডা মন্ডল মামলা রুজু করেন।
পীরগঞ্জ থানার ইনস্পেক্টর (তদন্ত) তাজুল ইসলামকে মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনার দিন মঙ্গলবার রাতেই পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামানিক টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ পুর্বক আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এরা হলেন- প্রধান ঠিকাদার ভিশন ২০২০ এর স্বত্বাধিকারী শাহিদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) আব্দুর রহিম প্রামানিক, পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান, উপসহকারি প্রকৌশলি মেহেরাব হোসেন জনি, কার্য সহকারি রাফিকুন খান, সাব ঠিকাদার রংপুরের হাফিজুর রহমান ও পীরগঞ্জের লাবলু, প্রধান ঠিকাদারের ম্যানেজার ওলিউল্লাহ ওলি ও নয়ন।
দুর্ঘটনায় নিহত সাদুল্লাপুরের আসাদুল ও রংপুরের শিহাবের মরদেহ ময়নাতদন্তের পর উভয়ের মরদেহ আজ বুধবার দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করেছে থানা পুলিশ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ অক্টোবর) পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনের দ্বিতীয় তলার ছাদ সহ প্রধান ফটকের ছাদ ঢালাইকাজ চলছিলো। এতে ২১ জন মিস্ত্রি ও শ্রমিক কাজ করছিল। বিকেলে ছাদ ঢালাইয়ের শেষের দিকে প্রধান ফটকের ছাদ ধসে পড়ে। এ ঘটনায় ৩ জন শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়া ৩ জন শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আসাদুল ও শিহাব নামের ২ শ্রমিককে মৃত্যু ঘোষনা করেন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, প্রধান ফটকের যে ছাদটি ঢালাই হচ্ছিল সেটি অনেক উচুঁতে। এটি দোতলায় নয়, এটি ছিল তিন তলায়। এতো উঁচুর ছাদটিতে সাটারিং-এ বাঁশের খুটি ব্যবহার করা হয়েছে। এতে স্টিল বা এসএসের খুটি ব্যবহার হলে এ দুর্ঘটনা ঘটতো না। ব্যবহৃত বাঁশ ও কাঠ ছিল পুরাতন। স্থানীয়রা জানান, সাটারিং ২/৩ মাস আগে করা। ঘন বর্ষায় ব্যবহৃত বাঁশ ও কাঠে পচন ধরেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত একাধিক গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষার্থীর শতাধিক পোস্টে কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ঢালাইয়ের আগের দিন (১২ অক্টোবর) পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি, উপজেলা প্রকৌশলি আসাদুজ্জামান বাপ্পি, পৌর নিবাহী আব্দুর রহিম প্রামানিক, পৌর প্রকৌশলি নুরুজ্জামান, উপসহকারি প্রকৌশলি মেহেরাব হোসেন জনি, কার্যসহকারি রাফিকুন খানসহ কয়েকজন কর্মকর্তা ছাদ ঢালাইয়ের সাটারিংসহ রডের কাজ পরিদর্শণ করছেন। স্থানীয় মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের দিনের উর্দ্ধতন কর্মকতার্দের পরির্দশনের এতগুলো চোখ ফাঁকি দিয়ে কিভাবে পঁচা বাঁশ ও পঁচা কাঠের খুটি সাটারিং-এ ব্যবহৃত হলো?
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি জানান, ঘটনা তদন্তে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের স্বাক্ষরিত চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী, পীরগঞ্জের উপজেলা নিবার্হী অফিসার ও এলজিইডি’র উপজেলা প্রকৌশলী।
ওসি নজমূল হক জানান, হত্যা নয়, দায়িত্বে অবহেলার কারনে মামলা রুজু হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামী গ্রেফতারে অভিযান চলছে।