

নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। যে কোন গুজব অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি এবং অনাকাঙ্খিত ঘটনা রুখে দিতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
আজ শনিবার দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার রামসাগর পূজা মন্ডপ ও সুন্দরা বারোয়ারী পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি জানান, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এরমাধ্যমে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি এবং যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপে আইনশৃংখলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্য নিয়োজিত করা হয়েছে। সাম্প্রদায়িক উসকানি ও যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে ২২টি বেইজ ক্যাম্প স্থাপনর মাধ্যমে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। ১৬ অক্টোবর থেকে শুরু করে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তা দায়িত্ব পালন করবেন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত থাকবে বলে জানান তিনি। পরে দুর্গাপূজা উৎযাপন কমিটির সদস্যদের হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।