

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠ ও সুন্দর এবং নির্বিঘ্নে উৎযাপন করতে পারে সেই লক্ষ্য সদা প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলে মন্তব্য করেছেন রংপুর পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী ১ হাজার ৯টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত, অপতৎপরতা ও সাম্প্রদায়িক উসকানি রুখে দিতে ১৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
আজ রোববার দুপুরে হিলি সীমান্তবর্তী হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে হরিজন সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি আরও জানান, সনাতন ধর্মাবলম্বীরা তাদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে উৎযাপন করতে পারাটা আমাদের পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যের প্রতিফলন। এসময় তিনি পূজা উৎযাপন কমিটির সদস্যদের বিজিবির পক্ষ থেকে ফল ও মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার জানান, সীমান্তের একমাত্র অতন্দ্র প্রহরী বিজিবি। সীমান্তের প্রতি ইঞ্চি ভূখন্ড রক্ষার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অবস্থিত পূজামন্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বিজিবি। সাম্প্রদায়িক উসকানি, অপতথ্য ও গুজব কেউ জেনো ছড়াতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। গুজবে কান দিবেন না, যা দেখবেন সত্য প্রকাশ করবেন। কোন সন্দেহ ভাজন ব্যক্তি দেখলে সঙ্গে সঙ্গে নিকটস্থ বিজিবি সদস্যদের খবর দেওয়ার আহবান জানান তিনি।
শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ সহ বিজিবি সদস্য, স্থানীয় গণমাধ্যম কর্মী ও পূজা উৎযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।