

দেশ মা ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই বাংলাদেশি—নজরুল ইসলাম ও সুইটি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াকে ডেকে তার কাছে এ বিষয়ে জানতে চায় মন্ত্রণালয় ।
সৌদি আরবের মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ১৪ অক্টোবর দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ।
এ বিষয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এ ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
তিনি বলেন, ‘দণ্ড কার্যকরের আগে মিশনকে কিছুই জানানো হয়নি। কেন জানানো হয়নি বা প্রকৃতপক্ষে কী ঘটেছে, সে বিষয়ে আমরা এখনো অন্ধকারে। পুরো ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ ও আইনি প্রক্রিয়ার তথ্য জানতে চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। জবাব পাওয়ার পরই আমরা পরবর্তী পদক্ষেপ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।’