

দিনাজপুর প্রতিনিধি
স্থানীয় সরকার রংপুর বিভাগ এর পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফর বলেছেন, তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। মনে রাখবেন, যার চোখের আলো নেই তার কাছে পৃথিবী অন্ধকার। তাই চোখের সমস্যা হলে চিকিৎসকের কাছে আসুন এবং চোখের যত্ন নিন।
আজ বুধবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গনে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ও পিকেএসএফ, অরবিস ইন্টার ন্যাশনাল এর সহযোগিতায় বিনামূল্যে চোখ পরীক্ষা এবং ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন। দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরীফ, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মুজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম, সহকারী প্রকৌশলী মীর তফাজ্জল হোসেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের বয়স হয়েছে। চোখের প্রতি যত্ন নিতে হবে। ছেলে মেয়েদের জন্য পুষ্টিযুক্ত খাদ্য খাওয়াতে হবে। সেই সাথে তাদের নিয়মিত চোখের যত্ন নিতে হবে।
পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান বলেন, যতদিন বাঁচবেন ততদিন শরীরের প্রতিটি অঙ্গের যত্ন নেবেন। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, জেলা প্রশাসকের সহযোগিতায় আমরা অবিলম্বে বোচাগঞ্জ উপজেলাকে ছানিমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করতে যাচ্ছি। সেই সাথে পর্যায়ক্রমে চক্ষু ক্যাম্পের মাধ্যমে প্রতিটি উপজেলায় এই্ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর এ্যাসিস্টেন্ট আউটরিচ অফিসার মো. হামিদুর রহমান।