

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৯নং ওয়ার্ডের দানেজপুর জনকল্যাণ ক্লাবের আয়োজনে প্রিমিয়ার লিগ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ শামীম হোসেন মন্ডল। এর আগে সকালে তিনি উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন।
ফাইনাল খেলায় জয়পুরহাট সুপার জায়ান্ট ১৩ রানে ফরেস্ট ক্রিকেট একাডেমি জয়পুরহাটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দিনব্যাপী এ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শামীম হোসেন মন্ডল বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও ঐক্য গড়ে তোলে। পাঁচবিবির তরুণদের প্রতিভা বিকাশে নিয়মিত এমন আয়োজন করা প্রয়োজন। ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় দানেজপুর জনকল্যাণ ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।