

নিজস্ব প্রতিবেদক
‘দুর্নীতিকে না’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ নভেম্বর) বেলা ১২টায় পৌর শহরের গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের ১১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশন, দিনাজপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিতরণ করা উপকরণের মধ্যে ছিল দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, খাতা, স্কেল, ছাতা, পানির বোতল ও টিফিন বক্স।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন-উর-রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।

ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. নজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আনসারী এবং গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পি.কে. সমীর চন্দ্র, সিনিয়র সহকারী শিক্ষক মো.মইনুল হক প্রমুখ।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।