

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে ধর্মীয় (বৈদিক) ও নৈতিক শিক্ষা বিষয়ক বই বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় ফুলবাড়ী পৌর এলাকার শ্রী শ্রী শিব মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন আয়োজক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।
আয়োজক আনন্দ কুমার গুপ্ত জানান, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শুক্রবার নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। এসব ক্লাসে শিক্ষার্থীদের সনাতন ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে পাঠদান করা হবে।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) তয়ন কুমার মন্ডল এবং শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।