

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সরকারি সহযোগিতা বা অনুদানের নামে কেউ টাকা চাইলে তা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহবান জানান বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি দিনাজপুর-৬।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন এবং কৃষকদের মাঝে সার বিতরণ করেন তিনি।
মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন,দেশকে মাদকমুক্ত রাখা এবং চাঁদাবাজি,সন্ত্রাস ও দখল দারিত্বের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবাইকে নিয়ে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উসকানির বিষয়ে সতর্ক করে তিনি উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং যেকোনো অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ!
এছাড়া একই অনুষ্ঠানে গত ২৭ অক্টোবর উত্তরবঙ্গের দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জব ফেয়ার (চাকুরি মেলায়)নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা,উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।