

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) সীমান্ত ও ব্যাটালিয়ন সদরে গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে গত ১৪ অক্টোবর ২০২৬ থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত আভিযানিক কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য, বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরসহ ওই পরিমাণ মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বিদেশি কয়েন ২ হাজার ৪৪২টি, ইয়াবা ট্যাবলেট ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৮ হাজার ৫৫১ পিস, অ্যাম্পল ইনজেকশন ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের সিরাপ (মাদকদ্রব্য) ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে/কষ্টি পাথর ৬টি, যার ওজন ৩৮৯ কেজি ৮০০ গ্রাম। এই অভিযান পরিচালনাকালীন সময়ে ১৭ জন আসামিকে আটক করা হয়।
উল্লেখ্য, উপরোক্ত অভিযানগুলো জয়পুরহাট জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০বিজিবি) এর অধিনায়ক বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।