

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
‘শিশুর কোলে শিশু নয়, বাল্যবিবাহ বন্ধ চাই’ এ স্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।
আজ সোমবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয় হয়।
পীরগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মিফতাহুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহসিন খন্দকার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর আলম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক জাকির হোসেন, শহিদুল ইসলাম মন্ডল সেবু, হারুন অর রশিদ ও ইয়াতিমুল হাসান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল বাকিউল বারী বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর কারণে শিশুদের স্বাভাবিক বিকাশ, শিক্ষাজীবন ও সুন্দর ভবিষ্যৎ বাধাগ্রস্ত হয়। এ সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং মেয়েদের শিক্ষার পরিবেশ ও সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরী।