

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ইটভাটা দুটির মালিককে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নে ফারুক মিয়ার ইটভাটা (এফ.এম.এফ ব্রিকস) এবং মোয়াজ্জেম হোসেনের (এম.ইউ.এন ব্রিকস) ইটভাটা ভেঙ্গে সম্পুর্ণ গুড়িয়ে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা গেছে, পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইটভাটা দুটিতে পরিবেশ আইন অমান্য করে কয়লার পরিবর্তে অবৈধভাবে লাকড়ি পোড়ানো হচ্ছিল এবং তাদের প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র ছিল না। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এগুলোর স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অভিযানকালে কাঠ পোড়ানো এবং প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট এবং পাশাপাশি অবস্থিত দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ইটভাটা দুটির স্থাপনা ভেঙে ফেলা হয় এবং মালিকদের ৪ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।