

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে দিন ব্যাপী গোষ্ঠ ধাম মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারাণীর গোষ্ঠলীলা বা আরাধনাকে কেন্দ্র করে শতবর্ষী এই গোষ্ঠ পুজা ও মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মন্দির প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। প্রতিবছর ১৭ নভেম্বর গোষ্ঠ পুজাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন করেন আয়োজক কমিটি। প্রতিবছর এই মেলায় হাজার হাজার ভক্তবৃন্দে উপস্থিত লক্ষ্য করা যায়।
দর্শনার্থীরা জানান, মেলায় নানা রকম জিনিসপত্রের দোকান থাকে। ছোটদের খেলনা থেকে শুরু করে ঘর গৃহস্থের প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাওয়া যায় মেলায়। তাই নারী পুরুষের ব্যাপক সমাগম হয়।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত বলেন, শতবর্ষী এই মেলায় প্রতিবছর ব্যাপক জনসমাগম ঘটে। এই মেলার মাধ্যমে গ্রাম বাংলার চির চেনা রুপ সাম্প্রদায়িক সম্প্রীতি ফুটে ওঠে। আগামীতে এই মেলা সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।