

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন-২০২৭ উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিদ্যালয় মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরবর্তীতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের মনোজ্ঞ সংগীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা ভেটেরিনারি অফিসার আসিকা আকবর তিশা, সাবেক অধ্যক্ষ প্রফেসর অর্চনা অধিকারী, প্রাক্তন ছাত্রী রত্না মিত্র ও মমতাজ বেগম প্রমুখ।
বক্তারা ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শতবর্ষ পূর্তি উৎসবকে স্মরণীয় ও সার্থক করে তুলতে দেশে ও বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।
পরে প্রাক্তন ছাত্রীদের রেজিস্ট্রেশন গ্রহণের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।