

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আপনাদেরকে যত্নবান হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আপনার আশপাশে কোথাও ময়লা ফেলবেন না, এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। নিজেদের দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। আমরা নিজেরা কোন অন্যায় কাজ করবো না, কাউকে অন্যায় করতে দিবো না।
তিনি বলেন, কাউকে না কাউকে শুধু উদ্যোগ নিতে হবে। তাই আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে। নিজেকে সঠিক কাজের জন্য এগিয়ে যেতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা আমাদের পরিবর্তন আনতে পারলেই আমরা উন্নত হতে পারবো। আমরা যদি দূর্বল শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শিক্ষাঙ্গনেই আলাদাভাবে যত্ন নেই তাহলে তাদের আর কোচিং এর প্রয়োজন হবে না। আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে। আমাদেরকে শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে।
দিনাজপুরের বিরল মহিলা কলেজের চারতলা ভীতবিশিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিতব্য একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
আজ রোববার বিকেলে বিরল মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিরল মহিলা কলেজ এর সভাপতি রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য আসাদুল হক হীরা, সাধারন সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিরল মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক শাকিলা পারভীন। ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কলেজ চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।