

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের ফুলবাড়ীতে চাঁদা না দেওয়ায় গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ও অধ্যক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৩নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা। এতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিক ফিজারুল ইসলাম ভুট্টু’র বিরুদ্ধে অভিযোগ এনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী অধ্যক্ষ সাজেদুল ইসলাম, অভিভাবক সবুজ মন্ডল, বিদ্যালয় পরিচালক রেজাউল করিম রেজা, শিক্ষার্থী গনেশ চন্দ্র, অন্তর রায়সহ অনেকে।
মানববন্ধনে গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মো. সাজেদুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সাংবাদিক ফিজারুল ইসলাম ভুট্টু গত ১৯ নভেম্বর বিদ্যালয়ে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক মাধ্যমে বিদ্যালয় ও অধ্যক্ষকে জড়িয়ে অপপ্রচার চালিয়ে বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, থানায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই সাংবাদিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযোগে বলা হয়েছে- ১৯ নভেম্বর স্থানীয় বারাই হাটে এক ব্যক্তি নিজের অসহায়ত্বের কথা বলে একটি পুরনো বাইসাইকেল বিক্রি করতে চান। এসময় ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজের প্রয়োজনে সাইকেলটি ক্রয় করেন। পরবর্তীতে জানা যায় সাইকেলটি ছিলো চুরি করা।
ওইদিনই এ ঘটনায় সাইকেল চুরির অভিযোগে ফুলবাড়ী থানা পুলিশ পৌর শহরের কাঁটাবাড়ী এলাকার মাসুদ রানার ছেলে টিটু ইসলাম (২৪) কে আটক করাসহ সহ সাইকেলটি উদ্ধার করে নিয়ে যায়। পরে সে দোষ স্বীকার করলে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের জেল ও ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ফিজারুল ইসলাম ভুট্টু ওই দিন বিকেলে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে অধ্যক্ষ সাজেদুল ইসলামকে চোরাই সাইকেলের বিষয়ে প্রতিষ্ঠানেরও দায় রয়েছে এমন অভিযোগ করে মামলার ভয় দেখিয়ে টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিদ্যালয় ও অধ্যক্ষকে নিয়ে অশালীন কথা, গালিগালাজ ও সুনাম ক্ষুন্নের হুমকি দেয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে বিদ্যালয় ও অধ্যক্ষকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়।
এরই প্রতিবাদে ওই সাংবাদিক ফিজারুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থার অংশ হিসেবে থানায় ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা প্রতিবাদে সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মানববন্ধন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফিজারুল ইসলাম ভুট্টু বলেন, চোরাই বাইসাইকেল স্কুল থেকে উদ্ধার হয়েছে, তাই অধ্যক্ষ দায় এড়াতে পারেনা। এই কথা বলার পর ওই অধ্যক্ষ নানা রকম হুমকি ধামকি দেন আমাকে। চাঁদা বা টাকা চাওয়ার বিষয়টি মিথ্যা এবং বানোয়াট।
এ বিষয়ে জানতে চাইলে ফুুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অধ্যক্ষের দায়েরকৃত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।