

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে অস্থিরতা তৈরি চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা রুখে দিতে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে পলাতক আওয়ামী রাজনৈতিক দলের নেতাকর্মী ও মাদককারবারিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি।
আজ মঙ্গলবার বিকেলে সীমান্তঘেঁষা হিলি রেলওয়ে স্টেশনে সাধারণ মানুষদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপিবিওপি ক্যাম্পের কমান্ডার মোঃ শরিফুল ইসলাম।
এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যেহেতু সীমান্ত এলাকায় সিসিটিভি স্থাপন করা হলেও কাঁটাতারের বেড়া নেই। সেহেতু ভারত থেকে পলাতক রাজনৈতিক দলের নেতাকর্মী কিংবা দুষ্কৃতিকারীদের প্রবেশ ঠেকাতে আপনাদের (স্থানীয়দের) সহযোগিতা দরকার। দুষ্কৃতিকারীরা প্রবেশ করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারা ভারত থেকে এসে বাংলাদেশে কোনো ঘটনা যেন ঘটাতে না পরে তাই একত্রিত হয়ে আমাদের তা প্রতিহত করতে হবে বলে জানান তিনি।