

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম ও বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার।
এদিন উপজেলার ৬ ইউনিয়নের ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষার বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।