

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রুমানা আকতার রোমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. নিহারঞ্জন প্রামাণিক, ভেটেরিনারি সার্জন, বোচাগঞ্জ, দিনাজপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার ও সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন।
আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে অবদান রাখা খামারিদের মধ্যে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।