

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সুরেন্দ্র নাথ (এস.এন) কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মেলবন্ধন অষ্টম পুনর্মিলনী মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে ইন্সটিটিউট প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. নূরন্নবী ৮ম পুনর্মিলনী মেলা ২০২৬ উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুস সামাদসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা ১১টা দ্যা গ্র্যান্ড দাদুবাড়ী পার্ক অ্যান্ড রিসোর্ট এ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঢাকা এর প্রধান প্রকৌশলী (অবঃ) প্রকৌশলী জাহিদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাবিপ্রবি-দিনাজপুর এর প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক নওশের ওয়ান, পানি উন্নয়ন বোর্ড এর সাবেক প্রধান প্রকৌশলী মসিহ-উর-রহমান খোকা, দিনাজপুরের সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন ৮ম পুনর্মিলনী মেলা ২০২৬-এর আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম তুফান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর।
অনুষ্ঠানে আলোচনা সভার আগে সমাজসেবী, ক্রীড়াবিদ, নাট্যশিল্পী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অধ্যাপনা, উপস্থাপক ও সাংবাদিকতার উপর বিশেষ অবদান রাখার জন্য ২৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। পরে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
শোক প্রস্তাব পাঠ করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আব্দুস সামাদ। এবং এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী সিনিয়র শিক্ষক সিরাজাম মুনিরা, প্রভাষক হারুন-উর-রশিদ ও ড্রইং স্কুলের পরিচালক নাজমুস সাকিব রানা।
অনুষ্ঠানের শেষে রওনক আরা হক নিপা এর ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।