

নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আজ রোববার (৩০ জুন) থেকে অনুষ্ঠিত হবে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী। যা গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৮৯০ জন। গতবারের চেয়ে বেড়েছে ২ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সকল পদক্ষেপ চূড়ান্ত করেছে।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, আজ ৩০ জুন রোববার থেকে শুরু হতে যাওয়া ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত রংপুর বিভাগের ৮টি জেলার ৬শ ৬২টি কলেজের ২০৪টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৭শ ১৮ জন ও ছাত্রী ৫৭ হাজার ৭০২ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯২ হাজার ৩৫৭, অনিয়মিত ২০ হাজার ২৫৬ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৮০২ জন।
বোর্ড সূত্রে জানা যায়, ১ লাখ ১৩ হাজার ৪২০ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে মোট ৩১ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৬ হাজার ৩৯১ জন ও ছাত্রী ১৫ হাজার ৫৪৪, মানবিক বিভাগে ৭২ হাজার ৫৩২জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৩ হাজার ৭০৪ জন ও ছাত্রী ৩৮ হাজার ৮২৮ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৬২৩ জন ও ছাত্রী ৩ হাজার ৩৩০ জন।
জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা, দিনাজপুরে ২২ হাজার ৪৯৪ জন, ঠাকুরগাঁওয়ে ১০ হাজার ১৮৯ জন, পঞ্চগড় জেলায় ৬ হাজার ৯৭৩ জন নীলফামারীতে ১৩ হাজার ৬৫১ জন, রংপুর জেলায় ২৪ হাজার ৯৭১ জন, কুড়িগ্রামে ১১ হাজার ৯৯৩ জন, লালমনিরহাটে ৭ হাজার ১৪২ এবং গাইবান্ধায় ১৬ হাজার ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্য সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল ধরণের সমস্যা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
