বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যাডমিন্টনে দেশ সেরা ২ শিক্ষার্থীকে দৈনিক দেশ মা পরিবারের সম্মাননা প্রদান

 

 

নিজস্ব প্রতিবেদক
৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এ ব্যাডমিন্টন বালক একক ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হওয়া সাদাব হোসেন সারিব ও নাফিস আহাম্মেদ কে বহুল প্রচারিত দৈনিক দেশ মা পত্রিকা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দৈনিক দেশ মা পত্রিকার কার্যালয়ে তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উত্তরবঙ্গের মুখপাত্র দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, সিনিয়র সহকারী সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, সহকারী সম্পাদক মোকাররম হোসেন, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হারুন-উর-রশিদ। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, স্নেহা গুপ্তা, গোপাল গুপ্ত প্রমুখ।ব্যাডমিন্টন একক খেলায় দশম শ্রেণীর শিক্ষার্থী সাদাব হোসেন সারিব ও দ্বৈত খেলায় সারা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন সাদাব হোসেন সারিব ও নাফিস আহাম্মেদ। এ বিজয়ের মাধ্যমে তারা জাতীয় পর্যায়ে টানা দ্বিতীয় বারের মত দেশ সেরা হলো। এতে ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় সহ পুরো ফুলবাড়ী এমনকি দিনাজপুর জেলা গর্বিত।
এর আগে, গত ৩০ জানুয়ারি (শুক্রবার) দিনাজপুর গোর-এ শহিদ ময়দানে এই খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি.এম আব্দুল হান্নান।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক প্রফেসর মো. শহিদুল হক।
সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর মো. আব্দুস সবুর, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।
ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাডমিন্টন বালক ইভেন্টে টানা তৃতীয় বার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এর আগে ৫২তম জাতীয় আসরে তৃতীয় স্থান ও ৫৩তম আসরে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এ বছর উপজেলা-জেলা-বিভাগ ও আঞ্চলিক পর্যায়ে বিজয়ী হওয়ার পর গত ২৫-৩০ জানুয়ারি দিনাজপুর গোর-এ শহিদ ময়দানে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের খেলায় দেশ সেরা হয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখেন তারা।

Share This