×

নন্দীগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নন্দীগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-২-এর গ্র্যান্ড ফাইনাল।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নন্দীগ্রাম সূর্য তরুণ ফুটবল ক্লাবের আয়োজনে জমজমাট এ ফাইনাল অনুষ্ঠিত হয়।গ্র্যান্ড ফাইনাল উপলক্ষে সকাল থেকেই মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমী দর্শকরা মাঠে এসে ভিড় করেন। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠের চারপাশ। তরুণ খেলোয়াড়দের নৈপুণ্য দেখতে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
খেলা উদ্বোধনের পর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এমপি মোশারফ হোসেন। এ সময় তিনি তরুণ ফুটবলারদের উদ্দেশে বলেন, ফুটবল শুধু বিনোদনের বিষয় নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম শক্তিশালী মাধ্যম।
তিনি বলেন, নন্দীগ্রামের মাঠ থেকে আগামী দিনে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে এটাই আমাদের প্রত্যাশা। তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে স্থানীয় পর্যায়ে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরো বলেন, মাদককে না বলতে হবে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে। প্রতিভাবান তরুণদের সুযোগ করে দিতে পারলে নন্দীগ্রাম থেকেই জাতীয় মানের ফুটবলার তৈরি করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম সুমনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
এ সময় আয়োজক, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। উক্ত খেলায় আবিদ ফুটবল একাডেমি ও মদিনা ফুটবল একাডেমি টিম এর মধ্য হাড্ডাহাড্ডি লড়াই শেষে আবিদ ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করেন মদিনা ফুটবল একাডেমী।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।