×

বোচাগঞ্জে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ভেন্যু উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আমরা মাদক ও জুয়াকে ‘না’ বলি। মাদক ও জুয়ার হাতছানি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে তরুণ প্রজন্মকে মুক্ত রাখতে পরিবার ও সমাজকে ক্রীড়ামুখী ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
আজ রোববার বিকেল ৩টায় দিনাজপুরের বোচাগঞ্জে ঐতিহ্যবাহী বড়মাঠে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ২য় ভেন্যু উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি পিনাক আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই বিভিন্ন ধরনের খেলাধুলার চর্চা শুরু করেছেন এবং নতুন কুড়ি নামে প্রতিভা বিকাশে সকল শিক্ষার্থীদের একত্রিত করছেন।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পুলিশ সুপার পিপিএম মো. জেদান আল মুসা, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাশেম আলী, সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

মন্তব্য করুন

যে ঘরগুলোতে * চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে।